Sunday, December 17, 2017

বিজয়

আজ রাতে মরালমিথুনের সাক্ষী হব বলে
বনকর রোড ধরে বৈদ্যপাহাড়ের ঠিকানা
খুঁজে খুঁজে মধ্যরাত ৷ নিদ্রিত বিনন্দিয়ারা
জানল না কজন মুক্তিযোদ্ধার নবীন বান্ধব
অতীতের গ্রেনেড বয়ে নিয়ে ইতিহাস খোঁজে ৷

সূর্যের সন্ধান চাই উষ্ণ আকাশের পরিচিত ওমে
সূর্যের সন্ধান চাই বীজধানের ঘুম ভাঙাতে
সূর্যের সন্ধান মায়ের শরীরের সবুজ মেখলায়
প্রিয়ার চোখ থেকে সন্ত্রাস হটাতে সূর্যের খোঁজ

দূরে দূরে রাতচরা পাখিরা জেগে উঠে জানান দেয় মিলিটারি বুটের দাম্ভিক পদাতিক শব্দ
দশকের পরও যাদের স্বভাবের বদল হয় না ৷
স্বাধীনতা ওদের কাছে অসহনীয় উৎপাত ৷

তারপরও আমরা উল্লাস করব আজ রাতে
বাজি ও পটকায় ৷ আমাদের পূর্বপুরুষেরা
আজ স্বাধীনতার পতাকা ওড়াতে সক্ষম ৷
সে শুধু তাদের জয় নয় ৷ আমাদেরও গৌরব ৷

রক্তের স্মৃতি বড়ো দাগ কাটে স্বাধীন মানুষের
উঠোনপাটে ৷ খোলা হৃদয় জেগে ওঠে স্বপ্নে ৷
বিজয়ের সাহসী ঘ্রাণ কাঁটাতার টপকে আসে
কালো রাত মুছে ফেলে কড়া নাড়ে নির্মল ভোর ৷

Friday, December 15, 2017

* উগার *

আহা ! একটি হারিয়ে যাওয়া ঘরগেরস্থালির শব্দ ৷ সারা বছরের খোরাকি ধান ও বীজধান রাখা হত সময়ে ব্যবহারের জন্যে ৷ এই ভাঁড়ারঘরই হল 'উগার' ৷ ছাই ফেলতে ভাঙা কুলোর মতো  গেরস্থালির স্বল্পপ্রয়োজনীয় কিছু কিছু জিনিসের ঠিকানা ছিল এই 'উগারের তলে' ৷ আবার ছিঁচকে চোর গেরস্থবাড়িতে পেশাগত কিংবা নেশাগত উদ্দেশ্যসাধন করতে গিয়ে বেকায়দায় পড়লে আত্মরক্ষার জন্যে উগারের তলায় আশ্রয় নিত ৷ বাংলার লোককাহিনিতে আছে বোকা জামাই লোভ সামলাতে না পেরে রাতের আঁধারে পায়েসের হাঁড়িতে মাথা ডুবিয়ে দিশেহারা হয়ে লোকলজ্জার ভয়ে উগারের তলায় আশ্রয় নিয়েছিল ৷ 'উদ্বৃত্তাগার' অর্থাৎ যে গৃহে বাড়তি জিনিস রাখা হয় ৷ এই শব্দটি ক্রমান্বয়ে পরিবর্তনের মাধ্যমে হয়েছে 'উগার' ৷ আঞ্চলিক বাংলার এমন বহু মজাদার শব্দ আজ হারিয়ে যেতে বসেছে ৷
  বাংলাদেশের বিজয়দিবসে একটি লুপ্তপ্রায় বাংলা শব্দকে অর্গলমুক্ত করার প্রয়াস নিলাম ৷

Wednesday, December 6, 2017

তাগিদ

সদ্য পাটভাঙা মৌসুমী মেঘ উড়ে এসে 
উঠোনের উত্তর কোনায় বাতাবি লেবুর
খইফোঁটা ফুলের গন্ধে গাঢ় নিঃশ্বাস নেয়

চরাচর নিঝুম হয়ে গেলে রহস্যে পরকিয়া
চিঠিতে শব্দ উঠে আসে হামাগুড়ি দিয়ে

নিদাঘের তাপমাত্রা কমে এলে তুমি নাকি
ভালোবাসার জন্যে ভাটিয়ালি বেছে নাও

ঘাট থেকে জল তুলে নেয়ার কালে কালিয়াভীতি
নতুন করে ব্রজবুলি লেখার তাগাদা শোনায়

ঘোমটা থাক বা না থাক
তোমার মুখের স্মিতভুবনই এখন
আমার গোপন চাবিকাঠি
সে কী তোমার জানা আছে?

Tuesday, November 21, 2017

আরক্তসুন্দর মুখশ্রী - সন্মাত্রানন্দ

আ # ত্রিপুরার ত্রিপুরেশ্বরী
র # চর্যাপদে কৃষিজীবনের চিহ্ন
ক্ # জীবনানন্দের ছায়াশরীরিণী নায়িকা
ও কবিতার অনুভবী পাঠক
ত # গদ্যের গলগথা
সু # ক্রুদ্ধ মনীষীদের আরক্তসুন্দর মুখশ্রী
ন্ #বিবেক-মানসে আবির্ভূত শ্রীরামকৃষ্ণ-প্রণামমন্ত্র
দ # একটি গল্পে ভারতের জাতীয় ইতিহাস
র্ # সারদা দেবী ঃ এই বেদনাক্লিষ্ট পৃথিবীতে
দুঃখজয়ের এক আশ্চর্য অভিজ্ঞান
মু # স্বামী বিবেকানন্দ, একটি নাট্যানুষ্ঠান ও
এক অলোকসামান্যা অভিনেত্রী
খ # Angels Unawares-র ভাবালোকে
স্বামী বিবেকানন্দের জীবনদর্শন
শ্ # বিবেকানন্দের ভাষ্যকার
স্বামী রঙ্গনাথানন্দ
রী # হ্যাঁ, আপনাকে বলছি.......
** প্রণম্য অগ্নির দ্বাদশ শিখার বিস্তার

Sunday, November 19, 2017

বানান বিষয়ক

'তोইছা' না 'তोইসা' ( মানে ছোটো নদী) এর উত্তর খুঁজতে গেলে অনেক পেছনে ভাষাসাহিত্যের ইতিহাস খুঁজতে হবে ৷ আমরা জানি সংস্কৃত থেকে আমাদের অনেকগুলো শব্দ এসেছে ৷ আবার এদেশের বিভিন্ন প্রাচীন জনগোষ্ঠীর অনেক শব্দ সংস্কৃতে প্রবেশ করেছে ৷ যেমন 'মীন' শব্দটি মূলত দ্রাবিড় শব্দ ৷ এরকম মঙ্গোলীয় অনেক শব্দ সংস্কৃতে প্রবেশ করেছে বা বলা যেতে পারে অনেক সংস্কৃত শব্দ মঙ্গোলীয় ভাষাকে সমৃদ্ধ করেছে ৷ কে কার কাছে ঋণী, ইতিহাসের সুদূর অতীত উদ্ঘাটন আজ প্রায় দুঃসাধ্য ৷ 'সা' না 'ছা' কোনটা আগে তা জানতে একটি সংস্কৃত শব্দের কাছে যাচ্ছি ৷ 'বৎস' শব্দের বাংলা অর্থ সন্তান ৷ 'বৎস' শব্দ থেকেই এসেছে ' বাছা' ৷ তার থেকে আদ্যবর্ণ লোপ পেয়ে 'বাছা'৷  তার অর্থও সন্তান ৷ আবার চলতি বাংলা বা আঞ্চলিক বাংলায় 'ছা' ৷ একই অর্থ সন্তান ৷ ককবরকে দেখুন বৎস> বोসা >সা ( বो ছা)  > ছা ৷ একই অর্থ দাঁড়ায় ৷ পক্ষান্তরে ছোটোও বোঝায় ৷ তাই মনে হয় দুটো বানানই ঠিক ৷

বানান বিষয়ক

'তोইছা' না 'তोইসা' ( মানে ছোটো নদী) এর উত্তর খুঁজতে গেলে অনেক পেছনে ভাষাসাহিত্যের ইতিহাস খুঁজতে হবে ৷ আমরা জানি সংস্কৃত থেকে আমাদের অনেকগুলো শব্দ এসেছে ৷ আবার এদেশের বিভিন্ন প্রাচীন জনগোষ্ঠীর অনেক শব্দ সংস্কৃতে প্রবেশ করেছে ৷ যেমন 'মীন' শব্দটি মূলত দ্রাবিড় শব্দ ৷ এরকম মঙ্গোলীয় অনেক শব্দ সংস্কৃতে প্রবেশ করেছে বা বলা যেতে পারে অনেক সংস্কৃত শব্দ মঙ্গোলীয় ভাষাকে সমৃদ্ধ করেছে ৷ কে কার কাছে ঋণী, ইতিহাসের সুদূর অতীত উদ্ঘাটন আজ প্রায় দুঃসাধ্য ৷ 'সা' না 'ছা' কোনটা আগে তা জানতে একটি সংস্কৃত শব্দের কাছে যাচ্ছি ৷ 'বৎস' শব্দের বাংলা অর্থ সন্তান ৷ 'বৎস' শব্দ থেকেই এসেছে ' বাছা' ৷ তার থেকে আদ্যবর্ণ লোপ পেয়ে 'ছা'৷  তার অর্থও সন্তান ৷ ককবরকে দেখুন বৎস> বोসা >সা ( বो ছা)  > ছা ৷ একই অর্থ দাঁড়ায় ৷ পক্ষান্তরে ছোটোও বোঝায় ৷ তাই মনে হয় দুটো বানানই ঠিক ৷

Sunday, November 12, 2017

জীবন মাঝি


গানের ভুবন চষে গেছ নবীন বাউল গানের লোক,
গানেই হবে তোমায় প্রণাম গানেই হবে তোমার শোক ৷
তোমার হাতের মন্দিরাটা বোল তুলেছে মাটির গানে,
তোমার হাতের দোতারাতে সাঁই ফকিরের শব্দ আনে ৷
তোমার যে এক স্বপ্ন ছিল ছড়িয়ে যাবে বাংলা গানে,
হৃদমাঝারে রাখব ধরে ছেড়ে দেবার নেইকো মানে ৷
গানের ফিরি করতে করতে পেরিয়ে গেলে পথের সীমা,
গ্রামের দোয়েল ঠোঁটে তুলতে গ্রাম্য গানের মধুরিমা ৷
কাজ যে অনেক বাকি তোমার অসীমান্তিক গানের হাট,
সে কেন যায় এই অবেলায় গানেই যার দিবস কাটে ?
দিন না যেতেই সন্ধ্যে হল কোন বাউলের কারসাজি,
অসময়ে নোঙর তুলল ভাটিয়ালির জীবনমাঝি ৷
বিচ্ছেদগানে দোহার দিচ্ছে তোমার যতো স্বজনগণ,
গানেই হবে তোমার পূজা গানেই হবে তোমায় স্মরণ ৷