Showing posts with label অশোকানন্দ রায়বর্ধন poem. Show all posts
Showing posts with label অশোকানন্দ রায়বর্ধন poem. Show all posts

Wednesday, February 15, 2017

বসন্তকেদার

বাউলশীত একতারা বাজিয়ে ফিরে যাবার পর হাহাকার করে ওঠে পুরাতন বুক ৷ ফেনিসেতুর স্বপ্ন দেখলে চা বাগানের ভেতর জেগে ওঠে কুয়াশামাদল ৷ প্রবীন শত্রুরা এসে বিষমাখা তির  রেখে যায় শ্মশানশিবিরের ভিটের ওপর ৷ জীবনের শুরুতে সুখ ৷ সঞ্চয় যতো বাড়ে, মনখারাপের তুলোজড়ানো মেঘ ততো কালো হয় ৷ নদীর পাশে ফসলি জমি বিষাদশালিকেরা খুঁটে খায় মায়াদুপুর ৷ অন্ধকার ঠেলে চাঁদের স্তন ভেসে উঠলে মধুবোষ্টম নেচে বেড়ায় গোবিন্দমাঠে ৷ পাখিরা জড়াজড়ি চুমু খায় ৷ কখনো বা কেঁদে যায় পলাশবসন্তের আলোতে ৷

ফাগুনমোহিত কপোতেরা উত্তরপুরুষের ডিম রেখে যায় বাসাঘরে ৷ ছানাদের উড়ালপুল দেখাবে বলে শহরের অ্যান্টেনায় বসে মায়াশিস দেয় ৷ পিতাপাখি সাদা ডানা ঝেড়ে মেঘের আড়াল ৷ ভ্রমণমুখরা পাখিমা উড়ে ফেরে নাকাশিটিলার ওপর ৷ অনন্তবালক আপন পায়ে বেড়ি পড়ে সাঁতরে পেরিয়ে যায় গোমতী নদী ৷ তার চরণদুটি পাবার জন্যে ত্রিভুবন দেওয়ানা ৷

মানুষ ছাড়া সমস্ত শ্মশাচত্বর যেন শূন্যাকার,
হাবেলির খামারবাড়িতে বাজে বসন্তকেদার ৷