Showing posts with label মেরুকুম সম্পাদকীয় ৮.২.২০২৬.. Show all posts
Showing posts with label মেরুকুম সম্পাদকীয় ৮.২.২০২৬.. Show all posts

Monday, February 16, 2026

প্রত্নকথার পুনরুচ্চারণ

প্রত্নকথার পুনরুচ্চারণ

 ফেলে আসা আঁধারকালের উদ্ধৃতির নাম ইতিহাস । এক একটা নির্জন প্রকোষ্ঠ পেরিয়ে পৃথিবী তার ইতিহাস লেখে । সেই ইতিহাসের অবিনশ্বর আলপনার নাম ঐতিহ্য । প্রবাহমান প্রজন্মের উত্তরপুরুষ মাটির প্রদীপ নিয়ে ঐতিহ্য খোঁজে ।  আপ্রাণ খুঁজে ফেরে পাহাড়ের চূড়ায়, বনভূমির নির্জনে, নদীর উজানজোয়ারে, নিঃস্ব ও ক্লান্ত শস্যখেতে আর গেরস্তের উতলপৈঠায় । আলপনার আয়ুরেখায় ফুটে ওঠে সুরচিত মঙ্গলকাব্যের ভাসানগান । অতিক্রান্ত জীবনের চারুছন্দের ধ্বনি কিংবা লৌকিকপ্রণয়কথার বেহাগসুর । সে গানের চারণিক সুরে একদল পাগল হয় । তাদের বুকের পরিভাষা কবিতা হয়ে ওঠে । সময়ের তালুপৃষ্ঠায় উঠে আসে অতীতের নৈসর্গিক ঘ্রাণ । বেজে ওঠে অরণ্যমাদল । অবহেলার রক্তক্ষরণে পান্ডুর হয়ে যাওয়া সময়কে ভরিয়ে দিতে চায়  স্বরবৃন্দের সৃজনে ও শুশ্রূষায় । যান্ত্রিক বাস্তবতা আর ধাতব সম্পর্কে কংক্রিট রাস্তা পেরিয়ে এই উত্তরবাউলেরা পা রাখে অরণ্যদীর্ণ মেঠোপথে । এইসব অতিজীবিত মানুষেরা শীতরাতের সিক্তশিশির মাড়িয়ে ভোরের রাঙাপথ বেয়ে এই মেরুকুমে আসে । তাদের সন্ধানী রক্ত কণিকায় নির্মাণ হয় আলোকিত প্রত্নভূমির শৌর্যসড়ক ।

উচ্চকন্ঠ দোহারগণের সম্মিলিত শ্রমকোরাসে প্রতি ঋতুচক্রে জেগে ওঠে সীমান্তঘেঁষা এই সৃজনপাহাড়ের স্পন্দন আর মায়াবি তরঙ্গের আড়ালে শুয়ে থাকা  বিভাজনবিষণ্ন নদীটির গহিনতন্ত্রী । তাদের সন্ততিদের জন্যে এই সম্মিলিত সামগীত । 'মেরুকুম' সৃজনকল্পে একদল অমৃতাভিলাষী পরিব্রাজকের স্বপ্ন ও শব্দশিল্প বেড়ে ওঠে  ইতিহাসের নির্মম ক্ষতরেখার কূটকৌশলের বিপরীতে। বহুধারার বিশুদ্ধ সৃজনবিস্তার আরও আরও বহুকাল এখানে শব্দশিল্পের উজ্জ্বল উদ্যান নির্মাণ হোক । ইতিকথার অরণ্যে লেখা হোক প্রাণের আখ্যান । ব্যর্থতা যেমন অগ্রবর্তী পদাতিকের দায় তেমনি সমূহ সফলতাই সকল আশার সুরক্ষাকবচ ।


                                           বিনীত
                            অশোকানন্দ রায়বর্ধন
                  মেরুকুম সম্পাদকমন্ডলীর পক্ষে
৩য় আমলিঘাট ফেনীভিউ কবিতা উৎসব ২০২৬