Showing posts with label সৃজনী গদ্য. Show all posts
Showing posts with label সৃজনী গদ্য. Show all posts

Tuesday, October 24, 2017

যোগমায়ায় কবিতার কোলাহল


জীবনে বেঁচে থাকা, জীবন নিয়ে তুমুল হুটোপুটি করা, অভিযানমুখর করে তোলা,আনন্দে কোলাহলচঞ্চল হওয়া,বেদনায় ঝড়ে চুপসে যাওয়া পাখির বুকের মধ্যে অঙ্কুরিত আশার মতো জেগে ওঠার শুভঙ্কর প্রেরণা, নির্মম লাঞ্ছনায় তীব্র বিদ্রোহ করার দার্ঢ্য আর আবেগে গোপন কুঠুরির প্রিয়জনের কবোষ্ণ নৈকট্যের মতো আশ্রয়কানাৎ হলো কবিতা ৷ তান্ত্রিক অভিচারক্রিয়ায় একটা প্রক্রিয়া আছে যা সমস্ত কু থেকে যোগীর শরীরকে রক্ষা করে ৷ তাকে আভিচারিক ভাষায় গা-বন্ধ বলে ৷ কবিতা এমনই শরীরবন্ধের মাদুলি ৷ কবিতার সঙ্গে যার যাপন কিংবা যোগমিলন তার আত্মার মধ্যে এক বিশাল অন্তঃসলিলা শক্তি বিরাজ করে ৷ এই সুপ্ত শক্তিই কারো কারো জীবনের ওম ৷ কবি তো কবিতার শরীরনিসৃত সেই অমোঘওমে লালিত ৷ কবির ভাবনমন্ডল তাই কবিতাময়, যোগনাদমুখর হয়ে ওঠে ৷সৃজনকাতরতা কবিকে সৃষ্টির দিকে যাত্রার বাঁশিসংকেত করে ৷ কবির অনির্দেশযাত্রার সঙ্গী কবিতানাম্নী অলৌকিক সই ৷ যে কবির সঙ্গে হরপল লীলামুখরা ৷ কবি পায় কবিতায় অবগাহনসুখ ৷

Tuesday, October 17, 2017

সৌরপথের আলোকবিম্ব

সুখের আখড়া দুখের ঝুপড়ি জুড়ে কুটিরশিল্পে তন্ময়তৎপর আলোজীবনসফর ৷ ভোরের দোয়েল জানে পুব আকাশের রঙের আড়াল ৷ ক্রমাগত দিগন্তজীবনে লঙমার্চ এগোয় ৷ আগুনের গিরিপথ ডিঙোতে ডিঙোতে আলোর জ্যামিতি ছড়িয়ে যায় কাশবিতান ৷ ঘাসফুল আর সোনালি শস্যসংলাপ ৷ সৈকত জুড়ে শাণিত অস্ত্র শুয়ে ৷ রক্ত মরে কালো পিচ ৷ বিদ্ধ আত্মারা সেখানে ডুকরে কাঁদে ৷ অপরিচিত সানাই করুণ হয় ৷ কোজাগরি চাঁদের আলো অচেতন হয়ে আসে ৷ মেঘের কুচকাওয়াজের ভেতর রাত নামে গভীর খাদে ৷ সোনাঝুরি গাছের তলায় ঝরে পড়া হলুদ ফুল রঙ হারায় ৷ পূর্বজ পথিকেরাও লৌকিক দার্ঢ্যে আঁধারের পথে এগিয়ে গেছেন নির্জন বাতিরেখা ধরে ৷ গর্জন তুলেছে মিছিল যুদ্ধসঙ্গীতে ৷ আলোর কোটরে লুকোনো কামনা-আনন্দ, হাসি-আহ্লাদ অশ্রু মুছে যায় ৷ ছুঁয়ে যায় জয়নাদ ৷ ভেজা নির্জনতার মন্ডলে আনন্দাশ্রুতে ভরে যায় সুবর্ণকলস ৷

যে নরম আলো দিয়ে ভোরের সূচনা তার ভেতর অবগাহনের রোমাঞ্চে জ্বলে ওঠে আগুন ৷ তার আগ্রাসী ধোঁয়ায় আর্তরব ওঠে ৷ দগ্ধ ময়ূরের পেখম খুলে পড়ে যায় জতুগৃহে ৷ প্রবহমান সহজিয়া গানের পাশে পাশে সহস্র লাশ ভেসে যায় ধর্মাতুর বাতাসে ৷ মায়াভরা সেই গান আর শবের ছবি চতুর মিডিয়াপার্সন ছেপে দেয় ভোরের কাগজে ৷ ধর্মলুন্ঠনে কপর্দকশূন্য হয়ে যায় ইতিহাসের অহংকার ৷ সভ্যতার সমৃদ্ধ ঘরানা ৷ হাজারো পরিজনের কান্নার নির্বাক স্লোগানগুলো পেশাদার সেলফিতে ভরে যায় ৷ গড়াতে গড়াতে মসৃণ হয়ে যাওয়া নুড়িগুলো দাম্ভিক দালানে গেঁথে প্রাসাদ বানায় কেউ কেউ ৷ কেউ বা স্বপ্নের খোঁজ করে ফেরিওয়ালাদের কাছে ৷ মনোহারী বিপননে রাজনীতির পসার বাড়ে ৷ কার্তিকের মুন্ডিত মাঠে সন্ধ্যাবাতি জ্বালিয়ে আসে পূর্বজ পুরুষের কোনো জ্ঞাতিবউ ৷ কোমল শিখার সাথি ছায়ামোহনায় প্রাণের স্বপ্ন নিয়ে আঁচলে সন্ততির সুখ বেঁধে নেয় ৷ মিটি মিটি হাসে ঝরা ধানকণা ৷ এজন্যেই তার নির্জনবসত ৷ এজন্যেই অঙ্কুরপ্রয়াস ৷

অমোঘ আলোকে আরাধনা করে অনুর্বর মাঠেও বেঁচে ওঠে জন্মবীজ ৷ হেমন্তরাতের কুয়াশাচিহ্ন চুমু খায় সৃজনের ইজেলে ৷ সবাই তো জীবনপ্রয়াসী ৷  জনজাতির শান্ত পল্লীপথে একাকী হাঁটেন তথাগত ৷ প্রান্তরের সিঁথান ঘেঁষে জলসত্র অপেক্ষায় থাকে ৷ দূরদিগন্তমোড়ের অলৌকিক ভয় চলে যায় বানপ্রস্থে ৷ তবুও কোনো কোনো  সূর্য আসে ভয়ের জ্যাকেট পরে ৷ মায়াহরিণের টানে হরিয়ানায় পাচার হয়ে যায় প্রত্যন্তবালিকা ৷ ভাস্কর্যনারীর নিষ্পাপ মুখমন্ডলে ছড়িয়ে পড়ে স্বপ্নটুটা হাহাকার ৷ কেন মাঝে মাঝে বিষাদে ভরে ওঠে জনভূমি?  জাত আর ধর্মপরিচয়ে সর্বনাশ? বসুমাতার বিভাজন? বিমর্ষকন্ঠে একতারার সুর নিয়ে হননকোলাহল সরাতে প্রয়াসী অন্ধপাখি ৷ তার বিষন্ন প্রার্থনায় শান্তিসুগন্ধ ছড়ায় ইকোলিরিক ৷করুণালহরী পাতালে পরতে জেগে থাকা জ্বালানিভান্ডার ৷ পরোক্ষে ধরে রাখে জীবনাবহ ৷ অন্ধকারের শ্লোক মুছে ফেলে দৈবহাত শুরু করে আলোর আরতি ৷ নিখাদ ভালোবাসা মেরুপ্রান্ত অবধি ছড়িয়ে যাবার ঈপ্সায় ধর্মশ্লোকের বিপন্নতাকে জড়িয়ে ধরে ৷ আলোর কলসে অরণ্যজল তুলে রাখার সৃজনপ্রেরণায় বিশুদ্ধস্নান ভুবনবন জুড়ে ৷ বর্ষণসিক্ত আলো আসে নিকোনো উঠোনে ৷ মুছে যায় অকল্যাণসর্বস্বতা ৷ মৃত্তিকার শীতলপাটিতে জেগে ওঠে শুদ্ধ আলোকবয়ন ৷