প্রত্নকথার পুনরুচ্চারণ
ফেলে আসা আঁধারকালের উদ্ধৃতির নাম ইতিহাস । এক একটা নির্জন প্রকোষ্ঠ পেরিয়ে পৃথিবী তার ইতিহাস লেখে । সেই ইতিহাসের অবিনশ্বর আলপনার নাম ঐতিহ্য । প্রবাহমান প্রজন্মের উত্তরপুরুষ মাটির প্রদীপ নিয়ে ঐতিহ্য খোঁজে । আপ্রাণ খুঁজে ফেরে পাহাড়ের চূড়ায়, বনভূমির নির্জনে, নদীর উজানজোয়ারে, নিঃস্ব ও ক্লান্ত শস্যখেতে আর গেরস্তের উতলপৈঠায় । আলপনার আয়ুরেখায় ফুটে ওঠে সুরচিত মঙ্গলকাব্যের ভাসানগান । অতিক্রান্ত জীবনের চারুছন্দের ধ্বনি কিংবা লৌকিকপ্রণয়কথার বেহাগসুর । সে গানের চারণিক সুরে একদল পাগল হয় । তাদের বুকের পরিভাষা কবিতা হয়ে ওঠে । সময়ের তালুপৃষ্ঠায় উঠে আসে অতীতের নৈসর্গিক ঘ্রাণ । বেজে ওঠে অরণ্যমাদল । অবহেলার রক্তক্ষরণে পান্ডুর হয়ে যাওয়া সময়কে ভরিয়ে দিতে চায় স্বরবৃন্দের সৃজনে ও শুশ্রূষায় । যান্ত্রিক বাস্তবতা আর ধাতব সম্পর্কে কংক্রিট রাস্তা পেরিয়ে এই উত্তরবাউলেরা পা রাখে অরণ্যদীর্ণ মেঠোপথে । এইসব অতিজীবিত মানুষেরা শীতরাতের সিক্তশিশির মাড়িয়ে ভোরের রাঙাপথ বেয়ে এই মেরুকুমে আসে । তাদের সন্ধানী রক্ত কণিকায় নির্মাণ হয় আলোকিত প্রত্নভূমির শৌর্যসড়ক ।
উচ্চকন্ঠ দোহারগণের সম্মিলিত শ্রমকোরাসে প্রতি ঋতুচক্রে জেগে ওঠে সীমান্তঘেঁষা এই সৃজনপাহাড়ের স্পন্দন আর মায়াবি তরঙ্গের আড়ালে শুয়ে থাকা বিভাজনবিষণ্ন নদীটির গহিনতন্ত্রী । তাদের সন্ততিদের জন্যে এই সম্মিলিত সামগীত । 'মেরুকুম' সৃজনকল্পে একদল অমৃতাভিলাষী পরিব্রাজকের স্বপ্ন ও শব্দশিল্প বেড়ে ওঠে ইতিহাসের নির্মম ক্ষতরেখার কূটকৌশলের বিপরীতে। বহুধারার বিশুদ্ধ সৃজনবিস্তার আরও আরও বহুকাল এখানে শব্দশিল্পের উজ্জ্বল উদ্যান নির্মাণ হোক । ইতিকথার অরণ্যে লেখা হোক প্রাণের আখ্যান । ব্যর্থতা যেমন অগ্রবর্তী পদাতিকের দায় তেমনি সমূহ সফলতাই সকল আশার সুরক্ষাকবচ ।
বিনীত
অশোকানন্দ রায়বর্ধন
মেরুকুম সম্পাদকমন্ডলীর পক্ষে
৩য় আমলিঘাট ফেনীভিউ কবিতা উৎসব ২০২৬
No comments:
Post a Comment