ভুল বার্তায় ভরে আছে ইনবক্সের আপাদমস্তক
তোমাকে পাঠানোর আশায় তৈরি করেছিলাম
যে সব মোহময় তীব্রতায় ভরা মেসেজ
চালান হয় নি একটাও সেইসব
বসন্ত পেরিয়ে যাচ্ছে নীরবে ঘাসে ঢাকা আলপথ বেয়ে
ভুল পুষ্পের কাছে নিবেদন করেছি প্রেম
যার কন্দরের রেণু অনেক আগেই পায়ের রোমে
গেঁথে নিয়ে প্রবাসজীবনে গেছে অজানা ভ্রমর
ভুল কথকতা, ভুল কূজন বুঝে ফেলা যায় অবলীলায়
চোখের তারায় তীব্র চোখের আলো ফেললে
তঞ্চক চোখ ফিরিয়ে নিতে বাধ্য হয় নাটকীয় কায়দায় ৷
দিনশেষে ঘরে ফেরার সময় বাসন্তী সন্ধ্যা
আকাশের পাদদেশ আবিরে রাঙিয়ে রাখে
ডুবো মেঘের অতলান্ত থেকে উঠে আসে
সন্ধ্যার নিয়মিত তরুণ আঁধার
কোনোই আহ্বান থাকে না সান্ধ্যমেঘের উতল প্রতীক্ষায়
Tuesday, October 24, 2017
উতল মেসেজ
পরিচয়
বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে তর্জনীচিহ্নের ছাপ
পাঁচ আঙুলের মোহরের পরই কী
শেষ হয়ে যায় এক দীর্ঘ পরিক্রমণ
উৎকর্ষতার পথে তোমার যে অভিযাত্রা
তার শীর্ষে পৌঁছাবার পর পতাকা ওড়াও
বিজয়ের তাম্রপত্র পুঁতে দাও বিজিত ভূমিতে
তারপরেও অগণিত টিপছাপে ধূসর হয়
তোমার দলিল, আঙুলের ডগায় অমোচনীয়
কালিতে তুমি চিহ্নিত হয়ে যাও
শীতবসন্তের সঙ্গমজনিত ঝরাপাতা
আসন্ন শিবলিঙ্গের মহানুভবতার কাছে
নিবেদিত হওয়াই তোমার শেষ পরিচয় ৷
বিসর্জন
ও পথ দিয়ে কদিন যাব না আর
একা দাঁড়িয়ে থাকবেন রবীন্দ্রনাথ
আমাদের মাথার ওপর ছায়া বিছিয়ে দিলেও
ঝড় জলের হাত৷থেকে মুক্তি নেই
তাঁর
ও পথ দিয়ে কদিন যাব না আর
সারি সারি চালাঘরের নিভৃত দীর্ঘশ্বাস
বইয়ের পাতা, শূন্য পেটি, ছেঁড়া চট
বিরহী তাক,খদ্দেরের আশায় দাঁড়ানো
ফ্ল্যাক্সের জৌলুশ গুটিয়ে ঝুলে থাকা
মনকে বাউল করে দিয়ে যে চলে যায় মেঠো আল ধরে ৷
ও পথ দিয়ে কদিন যাব না আর
হাজারো অচেনা তরুণীর পায়ের ধুলো
বয়ফ্রেন্ডের কাঁধে হাত রেখে তোলা সেলফি
ভয়হীন ঘোষণার সুযোগ সোস্যাল সাইটে
নির্বাক শব্দ নিয়ে খুঁজবে কবিতার খাতা
ও পথ দিয়ে কদিন যাব না আর
আই জি এমের দেয়াল থেকে যেন
হাজার কোলাহলকবিতা তীব্র প্রতিধ্বনিতে
ফিরে আসবে উমাকান্তের ফাঁকা মাঠে
শুধু মোড়ের ট্রাফিক পুলিশ কদিনের চঞ্চলতা ভুলে
স্থবির হয়ে প্রাণায়ামের সুযোগ পাবে
ও পথ দিয়ে কদিন যাব না আর
ভাষাগান
ওপারে শুনি ভাষার গান এপারে তখন ভোর
মধ্যে নদী ফেনি মায়ের বিছানো স্নেহের ডোর ৷
আমার ভাষা তোমার ভাষার একই মধুর বোল
আমার সুখের তোমার শান্তির একই মায়ের কোল ৷
শব্দ আসে এপারে ছুটে যদিও কাঁটাতার
ধারালো নখের আঁচড়ে কাঁদে ভাষা তোমার আমার ৷
তোমার আকাশ তোমার বাতাস
আমার বুকেও মেশে
তোমার মা আমার বোন হাঁটেন পাশেপাশে ৷
তোমার নদীর ছলাচ্ছল আমার নদীর ঢেউ
বুকের ভেতর একই ক্ষত ভুলব না তো কেউ ৷
বর্ণমালা ঠোঁটে দোয়েল বর্ণমালায় শালিক
তোমার গানে আমার কথায় একই বর্ণের ঝিলিক ৷
বর্ণমালা সুখের কারো বর্ণমালা দুখের
বর্ণমালায় জ্বলে ওঠে হাজার মাণিক বুকের ৷
তবুও দেখো আকাশে আজ মেঘের ঘনঘটা
আকাশে গায় মাথা তুলছে অসহিষ্ঞুতার ছটা ৷
তোমার গাঁয়ে আমার পাড়ায় হায়েনার আনাগোনা
বিভেদের বিষে ছিঁড়ছে যেন স্বপ্নের জালবোনা ৷
সময় হয়েছে এসো এসো ভাই ধরো বৃন্দগান
মায়ের ভাষা বুকে ধরি ওষ্ঠে করি মহান ৷
বিষাদসংলাপ
নিষাদেরও বিষাদ ছিল ক্রৌঞ্চমিথুন বধের পর
শ্লোকস্নাত আনন্দজল গা বেয়ে গড়ানোর কথা সে লিখে গেছে ভুজপাতার শরীরে ৷
আঁধারপৈঠায় একাকী মৌনগানের পর চাঁদ হেসে ওঠে দিলখোলা ভঙ্গিমায়৷
ধীরে ধীরে শরীর থেকে পাপ নেমে যায় পাতালের দিকে৷
উদোমকথা ধ্বনিত হয় ক্ষীরে গোলা চাঁদের মুখোমুখি -
'এই নাও বিষাক্ত ধনুকের ছিলা আর তীক্ষ্ণমুখ শায়কশলাকা
নষ্ট হবার আগে আমার আঙুলে তুলে দাও কিছু অমলিন শব্দ হে সোম! হে সুন্দর!
আকাশের সামিয়ানায় গাঁথা তারার পায়ে অঞ্জলি দিয়ে
আমি গাইতে পারি অন্তিম ভজন ভুবনমন্দিরের জগমোহনে বসে' ৷
হে সুন্দর, আমিও উৎকর্ণ অপেক্ষায় থাকব তোমার সংকেতের আশায় ৷
সনদ
উল্টোদেশ থেকে প্রস্তাব এনেছি আমি
সমস্ত রোবকারীতে উলটপুরাণের মোহর
প্রভুর সনদটাকে আঁকড়ে ধরেও করুণাহীন
দলিলে লেখা আমার বরাদ্দ লুব্ধ দালালজীবন
ভর্তুকিজড়িত হালফিলের তিক্ত
খোরপোষ
আমার রিটার্ণ টিকিট কাটা নেই ঊর্ধপদ হেঁটমুন্ডে প্রত্যাবর্তনের
হে চিরসৌম্য
আলোকবন্দনা করতে করতে কখন যেন ডুবে যাই কৃষ্ণগহ্বরে
আরশির আলোর চমকে মোহিত হয়ে চলে যাই ভুল ছায়াপথে
আকাশগঙ্গার মোহময়তায় যদি আমি পাপ ধুতে চাই কল্পনায়
তাহলে সেও হবে আর এক পদস্খলন আরো এক হঠকারী মেডেল
সোনার জলে রঙ করা সস্তায় বিতরিত অভিজ্ঞানচিহ্ন
হয়তো আমার হৃদয়ের আখড়ায় রয়েছে এমন কোনো চিলেকোঠা
যেখানে পৌঁছায় নি নুর, অন্ধকারে বেড়েছে ভয়াল কালসাপ
আমার ইড়া, পিঙ্গলা আর সুষুম্না বেয়ে আমার সহস্রারে চড়ে বসে
মস্তিষ্কে বিষ ঢেলে সম্মোহিত করে আর কলুষিত করে সৃজনমধু
গরল উঠে আসে মননমন্থনের চক্রবর্তী প্রক্রিয়ার অন্তিম বিন্যাস
হে নীলকন্ঠ, হে শিব, এখনি অধিকার করো আমার শীর্ষদেশ
সমস্ত কলঙ্ক আমার নিমেষে নিয়ে নাও তোমার সিতিকন্ঠে
মুক্তি দাও হে আমায় সমস্ত কলঙ্কের চিরদায়ভার হতে
আর আলো দাও, উজ্জ্বল করো সর্বস্ব আমার ৷